
Published :
Updated :

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় আগেভাগে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যদিও ছুটি এখনো শেষ হয়নি, তবুও অনেকেই অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগে ফিরে আসছেন।
আজ বৃহস্পতিবার (১২ জুন) কমলাপুর রেলস্টেশন, বিভিন্ন বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরে দেখা গেছে, ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে এখন আগেভাগে ফিরছেন যেন কর্মস্থলে সময়মতো পৌঁছানো যায় এবং যাত্রার ভোগান্তি কম হয়।
যাত্রীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই সদরঘাটে পৌঁছেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় লঞ্চে ভিড় বা অতিরিক্ত চাপ ছিল না। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে যাত্রার সুযোগ বেড়ে যাওয়ায় লঞ্চে চাপ অনেকটাই হ্রাস পেয়েছে, ফলে ঈদ যাত্রা হয়েছে অনেকটাই স্বস্তির।
কমলাপুর রেলস্টেশনেও দেখা গেছে ট্রেনগুলো একের পর এক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে, আবার অন্যদিকে ছেড়েও যাচ্ছে। একই চিত্র ছিল বিভিন্ন বাস টার্মিনালগুলোতেও।
এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় কর্মজীবীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছেন। ফলে ঈদের পর ধাপে ধাপে তারা রাজধানীতে ফিরছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.