
Published :
Updated :

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের সময় নির্ধারণ সরকারের এখতিয়ার। নির্বাচন কমিশন (ইসি) এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি। তাই সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
আজ রোববার (১৫ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণের ক্ষমতা সরকারের। এ নিয়ে এখনো কোনো ক্লিয়ারেন্স আমরা পাইনি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক না কেন, ইসি তার প্রস্তুতি রেখেছে। সরকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। তবে সেই আলোচনা কবে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করেন, এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কারও চাপে বা নির্দেশে নয়, বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে।
ভোটের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, এবার কেউ যদি মনে করে ব্যালটবাক্স ছিনতাই করবে, সেটা শুধুই দিবাস্বপ্ন হবে। কমিশন সেটা হতে দেবে না। ব্যালটবাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, যারা ভোট সন্ত্রাসে জড়িত, তাদের জন্য এবার কড়া বার্তা থাকবে। কেউ ভোট সন্ত্রাস করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কমিশনের অবস্থান জিরো টলারেন্স।
তিনি জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ বছর হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে যাদের বয়স ২০২৬ সালের ২ জানুয়ারি ১৮ হবে, তাদের অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগেই তফসিল ঘোষণা করা যাবে না—এমন অবস্থান নিয়েছে ইসি।

For all latest news, follow The Financial Express Google News channel.