যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন: ট্রাম্প

Published :
Updated :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে এবং এখন তা শুধু দুই দেশের শীর্ষ নেতাদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, বুধবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে বিস্তারিত জানান।
তিনি লেখেন, “চুক্তি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র পাবে ৫৫ শতাংশ শুল্ক সুবিধা এবং চীন পাবে ১০ শতাংশ।”
ট্রাম্প আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে অগ্রিম ভিত্তিতে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং গুরুত্বপূর্ণ বিরল খনিজ সরবরাহ করবে।
চুক্তির আওতায় চীনও কিছু সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ—যা ট্রাম্পের ভাষায়, “সবসময়ই আমার পছন্দ”।
তিনি বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে চমৎকার!”
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা করছেন, যাতে চীনের বাজার আরও বেশি করে যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হয়। তাঁর মতে, “এটি দুই দেশের জন্যই একটি বিশাল সাফল্য হবে!”
জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা লন্ডনে বসেছিলেন শুল্ক ইস্যুতে আলোচনার টেবিলে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছিল। তবে মে মাসে দুই দেশ ৯০ দিনের জন্য ওই শুল্ক ব্যবস্থা আংশিকভাবে স্থগিত করতে সম্মত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.